বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামী বরখাস্ত ওসি প্রদীপের এখনো সাক্ষাত পাননি স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। তাই, তৃতীয়বারের মতো সময়ের আবেদন করেছেন তদন্ত কমিটি। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ‘মেজর সিনহা নিহতের ঘটনার তদন্ত কার্যক্রম আমরা নির্ধারিত সময়ে শেষ করতে পেরেছিলাম। গত ১৯ আগস্ট ওসি প্রদীপ কুমার দাশকে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত তারিখও ছিল। কিন্তু, মাননীয় আদালতের নির্দেশক্রমে মামলার তদন্তকর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নিয়ে যান। সেই থেকে আমরা চেষ্টা করে আসছি প্রদীপের সঙ্গে সাক্ষাতের। কিন্তু, সম্ভব হয়নি। বিষয়টি দুইবার আমরা আদালতকে জানিয়েছি। গত ২৭ তারিখেও আমরা একটি আবেদন করেছিলাম, আদালত সেটি নথিভুক্ত করেছে। আগামীকাল ৩১ আগস্ট আমাদের বর্ধিত সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। একইভাবে ওসি প্রদীপেরও রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হচ্ছে। তাই আমরা সভা করে আরো সময়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে যদি আমাদের সময় বৃদ্ধি করে দেয়, তাহলে আগামী ১ সেপ্টেম্বর ওসি প্রদীপের সাথে সাক্ষাত পাবো।

এর আগে রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসে জরুরী সভা করেন মেজর সিনহা নিহত ঘটনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি।
গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। ঘটনার পর পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে। মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এরমধ্যে এপিবিএনের তিন পুলিশ সদস্য পৃথকভাবে গত বুধবার ও বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারা মতে জবানবন্দি দেন। যার কারণে এ তিন পুলিশ সদস্য কারাগারে রয়েছেন।
ভয়েস/আআ