বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
বলরাম দাশ অনুপম (৩০এপ্রিল ):
করোনা সংক্রমণ রোধে সন্ধ্যার পর পাড়া-মহল্লার দোকান বন্ধ রাখতে অভিনব কৌশলে অভিযান চালাচ্ছেন চকরিয়া উপজেলা প্রশাসন। দোকান থেকে খুলে নেয়া হচ্ছে বাল্ব ও নিয়ে আসা হচ্ছে চায়ের দোকানের টিভি। এছাড়া জরিমানাও আদায় করা হচ্ছে।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চকরিয়া পৌরশহর এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের ভিন্ন রকমের এই অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।
চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গত দুইদিনে দুইজন করোনা আক্রান্ত রোগি পাওয়া যায় চকরিয়ায়। এরপর থেকে হার্ডলাইনে রয়েছে প্রশাসন। দিনের বেলায় অযথা কেউ ঘোরা ফেরা করলে তাদের জরিমানা করা হচ্ছে। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সরকারি আদেশ অমান্য করে সন্ধ্যা ৬টা পর যারা দোকান খোলা রাখছে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জরিমানা আদায় করা হচ্ছে। এছাড়া চায়ের দোকান থেকে খুলে নেয়া হচ্ছে বাল্ব ও টিভি।
এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় চকরিয়া পৌরশহরের এক ব্যবসা প্রতিষ্টান থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে ফাঁসিয়াখালী ইউনিয়নে বেশ কয়েকটি চায়ের দোকান থেকে ২টি টিভি ও ১৪টি বাল্ব জব্দ করা হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ জানান, এ ধরনের অভিযান প্রতিটি ইউনিয়নে চালানো হবে। সন্ধ্যার পর কেউ রাস্তায় থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, ঘরে থাকুন নিরাপদে থাকুন, বাইরে বের হলেই পড়তে হবে আইনি ঝামেলায়। এলাকার কেউ যদি সন্ধ্যার পর দোকান খোলা রেখে আড্ডা জমায় প্রশাসনকে খবর দিবেন।
ভয়েস/বিঅ/আআ