রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
খেলাধুলা ডেস্ক:
লিওনেল মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। গত সপ্তাহে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডোর কাছে ঘরের মাঠে ৪-৩ গোলে হারের হতাশা কাটিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে মেসিরা।
আর মাত্র এক মাস পরই বিশ্বকাপে শিরোপা রক্ষার অভিযানে নামবে আর্জেন্টিনা। আর তাতে নেতৃত্ব দেওয়ার কথা মেসির। তার আগেই টরন্টোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে জেতানোর পাশাপাশি ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমাতেও ভূমিকা রেখেছেন। মাত্র এক পয়েন্ট পেছনে রয়েছে ইন্টার মায়ামি।
বিরতির ঠিক আগে আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো দে পলের গোলে এগিয়ে যায় মায়ামি। নিজের নেওয়া ফ্রি-কিক টরন্টোর ডিফেন্সে লেগে ফিরে এলে বক্সের বাইরে থেকে ভলিতে জালে পাঠান তিনি।
৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। মেসির নিখুঁত পাস থেকে সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ ঠান্ডা মাথায় গোল করে স্কোরলাইন ২-০ করেন।
৭৩ মিনিটে আবারও গোলের কারিগর মেসি। তার বাড়ানো বল থেকে বদলি খেলোয়াড় সার্জিও রেগিলন এমএলএস ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। এর দুই মিনিট পর নিজেও নাম লেখান মেসি। দে পলের নিচু ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে টরন্টো গোলরক্ষক লুকা গাভরানকে পরাস্ত করেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
মেসি এই ম্যাচে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন। এমএলএস ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোল অবদান রাখার রেকর্ড গড়েছেন। মাত্র ৬৪ ম্যাচে এই কীর্তি গড়েছেন আর্জেন্টাইন তারকা। এর আগে টরন্টোর কিংবদন্তি সেবাস্তিয়ান জোভিনকোর দখলে থাকা রেকর্ডটি ছিল ৯৫ ম্যাচের।
২০২৩ মৌসুমের শেষভাগে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৯ গোল ও ৪১ অ্যাসিস্ট করেছেন মেসি।
মেসির গোলের পর অবশ্য শেষদিকে বদলি খেলোয়াড় এমিলিও অ্যারিস্টিজাবালের জোড়া গোলে ফেরার ইঙ্গিত দিয়েছিল টরন্টো। ৮২ ও ৯০ মিনিটে গোল করে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। তবে যোগ করা ১১ মিনিট সামলে নিয়ে শেষ পর্যন্ত মৌসুমে ষষ্ঠ জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
ভয়েস/আআ