মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ গ্রহণ’ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটি প্রতিবেদকের হাতে এসেছে। এরমধ্যে কিছু অংশে নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে কোনও একটা কারণে, আমি ২ কোটি টাকা থেকে নড়বো না। ৬ কোটি টাকা তিনগুণ না, আমি ২ কোটি টাকার কমে নড়বো না, চেয়ারম্যানের কাছে যেতে হলে যাবো। দেখি চেয়ারম্যান কী কয়। একটা বিলের জন্য যদি ২ কোটি টাকা নিই, তাহলে চেয়ারম্যান কি আমার বিরুদ্ধে যাবে? আমাকে জায়গা মতো পোস্টিং দেবে।’
তিনি আরও বলেন, ‘সোজা হিসাব, ৩ লাখ টাকার ওয়ার্কে মালামাল লাগে ৩০ লাখ টাকা। তাহলে কত কোটি টাকার মাল সে আত্মসাৎ করছে। হিসাব করে দেখা যাবে ৫ কোটি টাকার মাল সে আত্মসাৎ করেছে। ৫ কোটি টাকা থেকে আমাকে ২ কোটি টাকা দেন আমি সব সই করে দেবো।’
ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। তবে ওইসব ব্যক্তিদের মুখ দেখা যায়নি। পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশে বলেন, ‘এখানে কত?’ ওই ব্যক্তি বলেন, ‘এখানে ৩৫ স্যার’। নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫’। ওই ব্যক্তি বলেন, ‘আগে ১ লাখ দিয়েছি স্যার।’
এদিকে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের দাপ্তরিক মোবাইলফোন নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
ভয়েস/আআ/সূত্র: বাংলাট্রিবিউন