সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
ভয়েস নিউজ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে নিজের ছবি পোস্ট করে আলোচনায় আসা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে আটক করেছে পুলিশ। চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি আটক হন। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গী বাজার এলাকার সেনা কল্যাণ সংস্থার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, সোমবার (২৩ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঠানো হবে।
তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় টঙ্গীর সেনা সমবায় মার্কেটের সামনে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ তাকে শনাক্ত করেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতারা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
ওসি আরও বলেন, তানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ভয়েস/আআ