সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার আসন্ন অ্যাকশনধর্মী সিনেমা ‘মাইসা’র মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও নির্ধারিত দিনের মাত্র পাঁচ দিন আগে সিনেমাটির মুক্তির তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। অভিনেত্রী জানিয়েছেন, নতুন মুক্তির তারিখ কবে সেটা তিনি নিজেও এখনো জানেন।
রবিবার (২২ নভেম্বর) সিনেমাটির নির্মাতারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে মুক্তি পেছানোর বিষয়টি নিশ্চিত করেন। কারিগরি কিছু সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা। পাশাপাশি খুব শিগগিরই নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলেও আশ্বস্ত করেছে সিনেমা সংশ্লিষ্টরা।
রবীন্দ্র পুল্লে পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। এটি একটি প্যান-ইন্ডিয়া সিনেমা। মুক্তির আগে ইতোমধ্যে সিনেমাটির প্রচারণাও শুরু করেছিলেন নির্মাতারা।
এক যৌথ বিবৃতিতে প্রযোজক ও পরিচালক লেখেন, “তেলুগু সিনেমা এখন এক রোমাঞ্চকর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহেই এমন কিছু সিনেমা মুক্তি পাচ্ছে, যেগুলো নির্মাণশৈলী ও কারিগরি উৎকর্ষের নতুন মানদণ্ড তৈরি করছে। সেই ধারাবাহিকতায় ‘মাইসা’কে তেলুগু সিনেমার অন্যতম ব্যতিক্রমী ও উন্নত প্রযুক্তিনির্ভর অ্যাকশনধর্মী সিনেমা হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, যা দর্শকদের বড় পর্দায় এক ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে।”
মুক্তি পেছানোর কারণ ব্যাখ্যা করে বিবৃতিতে আরো বলা হয়, “আমাদের এই পরিকল্পনা যেন কোনো ধরনের আপস ছাড়াই দর্শকদের সামনে তুলে ধরতে পারি, সে জন্য সম্মিলিতভাবে ২৭ নভেম্বরের প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে। আপনাদের অব্যাহত ভালোবাসা, ধৈর্য ও সমর্থনের জন্য ধন্যবাদ। আমরা আশ্বস্ত করছি, আপনাদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ হবে না।”
নির্মাতাদের এই ঘোষণাটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে প্রতিক্রিয়া জানিয়েছেন রাশমিকাও। তবে, নতুন মুক্তির তারিখ সম্পর্কে তারও কোনো ধারণা নেই বলে জানিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন, “শুনলাম, সিনেমাটির মুক্তি পিছিয়ে যাচ্ছে (কান্নার ইমোজি)। কবে মুক্তি পাবে, তা জানি না। তবে, কথা দিচ্ছি, আমি যখনই জানতে পারব, আপনাদেরও জানাব।”
তেলুগু, হিন্দি, তামিল, মালয়ালম ও কন্নড়—পাঁচটি ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘মাইসা’র। রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন ঈশ্বরী রাও, রাহুল রবীন্দ্রন, সামুথিরাকানি, রাও রমেশ, শিবা কন্দুকুরি, কার্তিক রঞ্জিনি, তারক পন্নাপ্পা ও নিধি সিং। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জ্যাকস বেজয়।
এর আগে প্রকাশিত দুই মিনিটের টিজারে রাশমিকাকে দেখা গেছে এক গোন্ড আদিবাসী তরুণীর চরিত্রে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামতে বাধ্য হয় সে। টিজারটি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এছাড়া, নির্ধারিত মুক্তির তারিখ সামনে রেখে নির্মাতারা বিজয়শান্তির জনপ্রিয় গান ‘ওসে রামুলাম্মা’র নতুন সংস্করণও প্রকাশ করেন। গানটি গেয়েছেন বন্দেমাতরম শ্রীনিবাস।
ভয়েস/আআ